বাংলাদেশ পাট গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক (ডিজি) কৃষি বিজ্ঞানী ড. মো. আবদুল আউয়াল তালুকদার, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র সাবেক যুগ্ম পরিচালক কৃষি অর্থনীতিবিদ মো. আব্দুস সোবহান তালুকদার ও শেরপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক, বিশিষ্ট কবি-প্রাবন্ধিক ড. আবদুল আলীম তালুকদার নিজ এলাকায় সংবর্ধিত হয়েছেন। ১১ জুলাই সোমবার বিকেলে সদর উপজেলার গৌরবোজ্জ্বল আমাদের গ্রাম খরখরিয়া’র উদ্যোগে ৩ কৃতি সন্তানকে স্থানীয় শহীদ গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ওই সংবর্ধনা দেওয়া হয়। ওইসময় ডিজি ড. মো. আবদুল আউয়াল তালুকদার বলেন, যে সমাজ ও জাতি গুণিজনদের সম্মান প্রদান করে, সে সমাজ ও জাতি নিজেরাই সম্মানিত হয়। জীবনে ভালো কিছু করতে হলে পড়াশোনার কোন বিকল্প নেই। পৃথিবীতে এমন কোন কাজ নেই যেটি মানুষ পারে না। তাই প্রত্যেক জাতিকে অলসতা দূর করে কর্মের চেষ্টা করতে হবে। তাহলেই জীবনে সফলতা বয়ে আনবে।
এ উপলক্ষে খরখরিয়া শহীদ গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নালিতাবাড়ী নাজমুল স্মৃতি কলেজের প্রাক্তন শিক্ষক আছমত আলী, সাবেক ছাত্রনেতা আবুল হাসান বুলবুল, সেকান্দর আলী কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক এডভোকেট আবু জাফর, সমাজসেবক মোশারফ হোসেন মানিক, লুৎফর রহমান ঠান্ডু তালুকদার, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি নূরে আলম সিদ্দিকী প্রমুখ। আলোচনা সভার শুরুতে খরখরিয়া তালুকদার বাড়ির পক্ষ থেকে গুণিজন ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীরখামার ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. মনিরুজ্জামান মনির তালুকদার।




