শেরপুরের ঝিনাইগাতীতে সেবার মান নিশ্চিতকরণে নাগরিকদেরকে সম্পৃক্তকরণ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে কৃষি কার্যক্রম ও সেবা সংক্রান্ত বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুন মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায়, প্রিপ ট্রাস্টের বাস্তবায়ন ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার খৈলকুড়া এলাকায় ওই গণশুনানির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ হুমায়ুন দিলদার।
উপজেলা নাগরিক কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম মান্নানের সভাপতিত্বে গণশুনানিতে বক্তব্য রাখেন প্রিপ ট্রাস্ট প্রকল্প ঝিনাইগাতী উপজেলার সমন্বয়কারী সঞ্জিদ কুমার দে, ঝিনাইগাতী ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা খন্দকার মঞ্জুরুল হক,প্রিপ ট্রাস্ট প্রকল্পের ফ্যাসিলিটিটর মোশারফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ও প্রিপ ট্রাস্ট প্রকল্প কর্মকর্তা ফাহমিদা খানম।

গণশুনানিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা অংশগ্রহণ করে কৃষি বিষয়ে বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরেন। প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা মো: হুমায়ুন দিলদার কৃষকদের প্রশ্ন শুনে তার বক্তব্যে সমস্যাগুলো সমাধানের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।




