জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২২ উদযাপন উপলক্ষে শেরপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য জানান, আগামী ১২ জুন থেকে ১৫ জুন ৪ দিনব্যাপী জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২৩ হাজার ৭১৪ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৮৩ হাজার ৬৫০ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলসহ মোট ২ লাখ ৭ হাজার ৩৬৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলায় ১ হাজার ৩৩৩ টি স্থায়ী ও ১৩টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১ হাজার ৩৪৬টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ওই ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি ২ হাজার ৬৯২ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আসমাউল ইসলাম। ওইসময় অন্যান্যের মধ্যে জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তার দিনা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাহিদ কামাল কেয়া, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




