শেরপুরের শ্রীবরদীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ২৫ মে বুধবার দুপুরে উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। আনোয়ার স্থানীয় আজাহার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আনোয়ার হোসেন তার নিজ বাড়ির দক্ষিণ পাশে আম পাড়ার জন্য আম গাছে উঠে। ওইসময় আম গাছের একটি ডাল পল্লী বিদ্যুতের ৩৩কেভি তারে লাগে। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়।
পরে আশপাশের লোকজন এসে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে দায়িত্বরত চিকিৎসক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে নেমেছে শোকের ছায়া।

শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবুল হাসেম বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।




