প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের শিষ্টাচারবহির্ভূত মন্তব্য ও বক্তব্যের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। ২৩ মে সোমবার বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি সোয়েব হাসান শাকিল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার নেতৃত্বে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভে শরিক হয়ে প্রতিবাদের সাথে একাত্মতা পোষণ করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শহর আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবাক অজয় কুমার চক্রবর্তী জয়।
পরে শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি সোয়েব হাসান শাকিল সোমবার সন্ধ্যায় শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, গত পরশু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য রাখেন। এজন্য সারাদেশে ছাত্রলীগে নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
তারই প্রতিবাদে জেলা আওয়ামী লীগের নির্দেশনায় আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। ছাত্রদল নেতার ওই শিষ্টাচারবহির্ভূত বক্তব্য প্রত্যাহারসহ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত তাদের প্রতিবাদসহ নানা কর্মসূচি অব্যাহত থাকবে।




