শেরপুরের ঝিনাইগাতীতে গলায় রশি বেঁধে ফাঁসিতে ঝুলে বর্ষা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। ১৮ মে বুধবার বিকেলে উপজেলার দক্ষিণ বাগেরভিটা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত বর্ষা স্থানীয় ফরহাদ মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা স্থানীয় নবযাত্রা বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করতো। অন্যান্য দিনের মতো সে বুধবার সকালে স্কুলে যায়। বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে কাউকে কিছু না জানিয়ে একচালা ঘরের পাইরের সাথে গলায় রশি বেঁধে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। পরে থানা পুলিশ সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া জানান, খবর পেয়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তির পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।





