শেরপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে মঙ্গলবার দুপুরে শহরের মাধবপুরস্থ স্বপ্নীল পার্টি সেন্টারে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আয়োজিত ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

শেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এস এম মোহাইমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানসহ মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বড় ছেলে-মেয়েরা সবসময় পরিবারের দায়িত্ব নেন। তারা ছোট-ভাইবোনদের বিপদে-আপদে ছায়া হয়ে থাকেন। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম। তাই তাদের বড় ভাইয়ের ভূমিকা পালন করতে হবে। অন্য ধর্মাবলম্বীদের বিপদে-আপদে পাশে থাকতে হবে। কোন গুজবে কান দেওয়া যাবে না। কারও নামে ফেসবুকে ধর্ম অবমাননার কথা লেখা থাকলেই তাকে আক্রমণ করা যাবে না। সেটা যাচাই-বাছাই করে তারপর ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

প্রশিক্ষণে ৬০ জন ইসলাম ধর্মাবলম্বী, ২৫ জন হিন্দু, খ্রিস্টানসহ ২৫ জন অন্যান্য ধর্মাবলম্বী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




