ads

শনিবার , ৩০ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপ্লবী রবি নিয়োগী‘র ১১২ তম জন্মবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ৩০, ২০২২ ১২:০১ পূর্বাহ্ণ

অগ্নিযুগের সিংহ পুরুষ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান নেতা, শেরপুরের বিপ্লবী রবি নিয়োগী‘র ১১২ তম জন্মবার্ষিকী আজ ৩০ এপ্রিল শনিবার (বাংলা পঞ্জিকার বর্ষগণনা হিসাব মতে ১৬ বৈশাখ মোতাবেক ৩০ এপ্রিল)।তিনি ১৯০৯ সালের এই দিনে শেরপুর শহরের পুরাতন গরুহাটি এলাকায় কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত পিতা রমেশ চন্দ্র নিয়োগী ও মাতা সুরবালা নিয়োগীর ঘরে জন্মগ্রহণ করেন। ২০০২ সালের ১০ মে ইহলোক ত্যাগ করেন এই মহান নেতা।

Shamol Bangla Ads

বিপ্লবী রবি নিয়োগী সব সময় মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করে গেছেন। তাঁর মতো অসাম্প্রদায়িক চেতনার মানুষের আজ বড়ই অভাব। তিনি কেবল রাজনীতিকই ছিলেন না, সামাজিক-সাংস্কৃতিক সংগঠক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। দৈনিক সংবাদে সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষর দুঃখ-দূর্দশার চিত্র এবং সমাজের অসংগতি তুলে ধরে সমাজ সংস্কারে অবদান রেখেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বিপ্লবী রবি নিয়োগী বিভিন্ন মেয়াদে ৩৪ বছর কারাভোগ করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিঁনি আন্দামান নির্বাসন দন্ডও খেটেছেন। রবি নিয়োগী আজ আমাদের মধ্যে নেই, তবে যুগ-যুগান্তরের মানবমুক্তির লড়াইয়ে তি্ঁিন বেঁচে আছেন তাঁর কর্ম ও আদর্শে।

জীবনী : রবি নিয়োগী শেরপুর গোবিন্দ কুমার পিস মেমোরিয়াল হাইস্কুল (বর্তমানে জি. কে পাইলট স্কুল) থেকে ১৯২৬ সালে ম্যাট্রিক পাস করে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে আইএ ক্লাসে ভর্তি হন। কিন্তু ১৯২৭ সালে ওই কলেজের ছাত্রদের সঙ্গে পুলিশের এক সংঘর্ষের ফলে রবি নিয়োগীসহ কিছুসংখ্যক ছাত্র কলেজ থেকে বহিস্কৃত হয়। এরপর তিনি কলকাতার বিদ্যাসাগর কলেজে ভর্তি হন। সেখানে অধ্যয়নকালেই তিনি বিপ্লবী যুগান্তর দলের সান্নিধ্যে আসেন। ১৯২৯ সালে তিনি আই. এ পাস করেন। ১৯৩০ সালে কংগ্রেসের নেতৃত্বে ময়মনসিংহে সংঘটিত সত্যাগ্রহ আন্দোলনে রবি নিয়োগী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওই আন্দোলনের সময় রবি নিয়োগীসহ ১৭ জন রাজনৈতিক কর্মী গ্রেফতার হন। ১৯৩০ সালে মাস্টার’দা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অব্যবহিত পরে ময়মনসিংহে যুগান্তর দলের যে-কয়জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয় রবি নিয়োগী ছিলেন তাঁদের একজন। ১৯৩১ সালে শেরপুরের ঝিনাইগাতী এলাকায় সালদার জমিদার বাড়িতে যুগান্তর দলের হামলায় জড়িত থাকার অভিযোগে রবি নিয়োগীর সাত বছর কারাদন্ড হয়। তাঁকে প্রথম রাজশাহী জেলে আটক রাখা হয়, এবং পরে একজন বিপজ্জনক বন্দী হিসেবে আন্দামান সেলুলার জেলে স্থানান্তর করা হয়। সেখানে তিনি সাড়ে ৫ বছর বন্দীজীবন যাপন করেন। আন্দামান জেলে আটক থাকা অবস্থায়ই রবি নিয়োগী কয়েকজন বিপ্লবীর সাথে সাম্যবাদে দীক্ষিত হন। ১৯৩৭ সালে গঠিত অবিভক্ত বাংলার প্রথম সংসদীয় সরকারের আমলে মুক্তি পেয়ে ময়মনসিংহে ফিরে এসে ভারতীয় কমিউনিস্ট পার্টিতে যোগ দেন।

Shamol Bangla Ads

রবি নিয়োগী চল্লিশের দশকে বৃহত্তর ময়মনসিংহে কৃষক আন্দোলন ও কমিউনিস্ট পার্টি গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করেন। তিনি ১৯৪৩ সালে নালিতাবাড়ীতে অনুষ্ঠিত প্রাদেশিক কৃষক সম্মেলনের মূল উদ্যোক্তা ছিলেন। ১৯৪৫ সালের ৫-৯ এপ্রিল ময়মনসিংহ জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে নেত্রকোণায় যে সর্বভারতীয় কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয় রবি নিয়োগী ছিলেন তারও অন্যতম প্রধান উদ্যোক্তা। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি প্রথমে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি এবং ১৯৭১ সালে বাংলাদেশের অভ্যুদয়ের পর বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা ছিলেন।

রবি নিয়োগীর জীবনে যেমন আন্দোলন-সংগ্রাম শেষ হয়নি, তেমনি জেল-জুলুমও ছিল তাঁর প্রায় নিত্য সঙ্গী। পাকিস্তান প্রতিষ্ঠার শুরুতেই তেভাগা আন্দোলনে অংশগ্রহণ করার কারণে ১৯৪৮ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত তিনি একটানা ৫ বছর কারাভোগ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর তৎকালীন শাসকগোষ্ঠী অন্যান্য রাজনৈতিক নেতার সাথে রবি নিয়োগীকেও গ্রেফতার করে। ওই সময় তিনি দু’বছর কারান্তরালে ছিলেন। ১৯৮৮ সালে এরশাদ সরকারের আমলে তাঁর কারাজীবনের সমাপ্তি ঘটে। ১৯৯১ সালের ২৫-২৮ ফেব্রুয়ারি ভারতের মুম্বাই নগরীতে অনুষ্ঠিত জীবিত আন্দামান-বন্দীদের যে সম্মাননা প্রদান করা হয় তাতে বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়ে রবি নিয়োগী অংশগ্রহণ করেন।
রবি নিয়োগী লেখক হিসেবেও অবদান রাখেন। রাজনীতি বিষয়ে তাঁর রচিত নিবন্ধের মধ্যে রয়েছে একাত্তরের বিজয়গাঁথা: শেরপুর, শেরপুরের ইতিহাসে মুসলিম অবদান এবং তেভাগা আন্দোলন, সংগ্রাম ও ভবিষ্যৎ।

মহান এই বিপ্লবীকে স্মরণ করতে ৩০ এপ্রিল শনিবার দুপুরে শেরপুর শহরের নিউমার্কেটে অবস্থিত সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ এক আলোচনা ও অসহায়-দু:স্থদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে।

Need Ads