শেরপুরের শ্রীবরদীতে বুদ্ধি প্রতিবন্ধি শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি এমাজ উদ্দিনসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৮ এপ্রিল বৃহস্পতিবার অভিযান চালিয়ে শেরপুর শহর থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ২২ এপ্রিল শুক্রবার দুপুরে ওই শিশুর বাড়ির পার্শ্ববর্তী বাড়িতে ঈদের জন্য সেলাই করতে দেওয়া নতুন জামা আনতে যায়। ওইসময় বৃষ্টি থাকায় এমাজ উদ্দিনের বাড়ির সামনে আসা মাত্রই ওই শিশুকে বৃষ্টিতে না ভেজার কথা বলে কৌশলে ডেকে তার ঘরের ভিতর নিয়ে জোর করে ধর্ষণ করে। পরে কাউকে কিছু না বলার জন্য নানা হুমকি দিয়ে ঘর থেকে বের করে দেয়।
বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য নানা পাঁয়তারা করলেও ঘটনার দুইদিন পর দুপুরে পুলিশ বিষয়টি জানতে পেরে শিশুটিকে হেফাজতে আনে। পরে ২৪ এপ্রিল রাতে শিশুটির বাবা বাদী হয়ে এমাজ উদ্দিনসহ তার ৪ ভাইয়ের নামে মামলা করেন। বৃহস্পতিবার অভিযান চালিয়ে শেরপুর থেকে ওই মামলার প্রধান আসামি এমাজ উদ্দিনসহ ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হবে।




