শেরপুরের শ্রীবরদীতে পুলিশের সামনে কুপিয়ে দিনমজুর শেখবর হত্যা মামলার আসামি স্বাধীনকে (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ এপ্রিল সোমবার রাতে জামালপুরের বকশীগঞ্জের সীমান্তবর্তী লাউচাপড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্বাধীন রাণিীশিমুলের পশ্চিম হালুয়াহাটি এলাকার শেখবর হত্যা মামলার এক নং আসামি জাকির হোসেন জিকুর ছেলে। পরে তাকে মঙ্গলবার দুপুরে শেরপুরের আদালতে পাঠালে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ নিয়ে এ চাঞ্চল্যকর হত্যাকান্ডের মূল আসামিসহ মোট ৮ জন গ্রেফতার হলো।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, চাঞ্চল্যকর ওই মামলার প্রধান আসামিসহ ৮ জনকে গ্রেফতার করা হলো। স্বাধীন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া দ্রুত সময়ের মধ্যে ভিডিও ও অন্যান্য প্রমাণাদি সাপেক্ষে হত্যাকান্ডের সাথে জড়িত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালতে দাখিল করা হবে।

উল্লেখ্য, গত ২৩ মার্চ বুধবার শ্রীবরদী উপজেলার পশ্চিম হালুয়াহাটি এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দিনমজুর শেখবর আলীকে পুলিশের সামনেই কুপিয়ে হত্যা করে জাকির হোসেন জিকোসহ প্রতিপক্ষের লোকজন। পরে হত্যাকান্ডের ভিডিওটি গত ১০ মার্চ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার হয় এক এক করে প্রধান আসামিসহ ৮ জন।




