শেরপুরের নকলায় বস্তাবন্দি অবস্থায় এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। ২৪ এপ্রিল রবিবার সকালে উপজেলার গণপদ্দী গ্রামের ডিপ টিউবওয়েলের পাশে একটি কলা বাগান থেকে ওই বস্তাভর্তি কঙ্কাল উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে নকলা উপজেলার গণপদ্দী গ্রামে জনৈক খৈয়ামের কলাবাগানে গরুর জন্য ঘাস কাটতে যায় স্থানীয় কয়েকজন কৃষক। ঘাস কাটার সময় ঝোপের ভিতর একটি বস্তা দেখতে পায় তারা।
ওইসময় কৌতুহলবশত বস্তাটি খুলে কাফনের কাপড় পেচানো অবস্থায় এক নারীর কঙ্কাল দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ বস্তাভর্তি কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দর হাবিব জানান, মাথার চুল দেখে বোঝা যাচ্ছে এটি একজন নারীর কঙ্কাল। কবর থেকে কঙ্কাল চুরির চক্র এ কাজ করে থাকতে পারে। কঙ্কালটির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে কঙ্কালটিকে পুনরায় দাফন করা হবে।




