শেরপুরের নকলায় শিকলবন্দি অবস্থায় মৃত্যু হলো আক্তারুজ্জামান (৪৫) নামে এক মানসিক রোগীর। ঘটনাটি ঘটেছে ২১ এপ্রিল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার গণপদ্দী ডিজিটাল ইউনিয়নের বিহারিপাড় এলাকায়। আক্তারুজ্জামান স্থানীয় চাঁন মিয়ার পুত্র এবং ৪ সন্তানের জনক।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, আক্তারুজ্জামান দীর্ঘদিন যাবৎ মানসিক রোগী হওয়ায় ঘরে শিকলবন্দি করে তালা দিয়ে রাখা হতো। সপ্তাহখানেক আগে শিকল ছিড়ে পালিয়ে গেলে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে এনে আবার পায়ে শিকল পড়িয়ে জানালার রডের সাথে তালা দিয়ে রাখে।
বৃহস্পতিবার রাতে আক্তারুজ্জামান হাত দিয়ে ঘরের মেঝেতে গর্ত করে এবং সেই গর্তেই মরে পড়ে থাকে। সেহরীর সময় পরিবারের লোকজন আক্তারুজ্জামানকে মৃত অবস্থায় গর্তে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান জানান, আক্তারুজ্জামানের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।




