শেরপুরের ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছে ‘ভয়েস অব ঝিনাইগাতী’ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকাল পাঁচটার দিকে ঝিনাইগাতী-রাংটিয়া সড়কে উপজেলা পরিষদের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ। ওইসময় তিনি বলেন, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের জন্য ইফতারি সরবরাহ করা হচ্ছে। নিঃসন্দেহে এটি একটি মহৎ উদ্যোগ। এ ধরনের কার্যক্রমে সমাজের বিত্তবানদের অংশগ্রহণ করা উচিত।

ইফতার বিতরণের সময় শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বী, আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির, কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. আবুল কাশেম, সহসভাপতি মো. রাসেল রানা, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির বলেন, অনেকেই সারা দিন রোজা রেখে ২০-২৫ টাকায় মুড়ি ও ছোলা কিনে ইফতার করেন। ইচ্ছে থাকলেও ভালো খাবার কিনতে পারেন না। তাই আমরা এ ধরণের কার্যক্রমের আয়োজন করছি। আজকের আয়োজনে দেড় শতাধিক মানুষের হাতে ভয়েস অব ঝিনাইগাতী’র কর্মীরা ইফতার তুলে দেন।

জানা গেছে, আমেরিকার নিউজার্সিতে গ্লেট ফার্মা নামের এক ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় এ ভ্রাম্যমাণ ইফতার বিতরণ কার্যক্রম চলবে আগামী পাঁচ দিন। প্রথমদিন দেড় শতাধিক পথচারীর মাঝে এ ইফতার বিতরণ করা হয়।




