শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মো. মাসুদ নামে এক বালু ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ওইসময় ২শ ঘনফুট বালু জব্দ করা হয়।

১৬ ফেব্রুয়ারি শনিবার দুপুরে উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের মেঘাদল বাজারের কর্ণঝোড়া এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে শ্রীবরদী উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের মেঘাদল বাজারের কর্ণঝোড়া এলাকায় নদী থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে কর্ণঝোড়া নদীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ওইসময় বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় মাসুদ নামে এক বালু ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় সিংগাবরুণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফকরুজ্জামান কালুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হবে।




