আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাস ও লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু। ১৫ এপ্রিল শুক্রবার সকাল থেকে ওইসব টিকিট বিক্রি শুরু হয়। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে টিকেট বিক্রি। তবে ঈদ উপলক্ষে আগাম টিকিট দেওয়া শুরু হলেও কাউন্টারে মানুষের ভিড় নেই। ২ তারিখ ঈদের দিন ধরে টিকিট দেওয়া শুরু করেছে বাস কোম্পানিগুলো।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এবারের ঈদে লম্বা ছুটি থাকায় সবাই একেবারে শেষদিকে বাড়ি যেতে পারে। সেক্ষেত্রে ৩০ এপ্রিল ও ১ মে’র টিকিটের বেশি চাহিদা থাকবে। অনলাইনে ৩০ শতাংশ টিকিট কেনার সুযোগ থাকায় মানুষ সেদিকে বেশি আগ্রহী বলে জানান তারা। ভবিষ্যতে অনলাইনে আরো বেশি টিকিট দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে, বাস মালিকপক্ষ জানায়, টিকিট বিক্রির জন্য সব পরিবহনের আলাদা কাউন্টার খোলা হয়েছে। বিশেষ করে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের জেলার বাসের টিকিট বিক্রি করা হচ্ছে। বাস কাউন্টার ও অনলাইন থেকে কয়েকটি পরিবহনের টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। গাবতলী, সায়েদাবাস, কল্যাণপুর, আসাদগেট, আরামবাগ ও মৌচাকে বিভিন্ন আন্তঃজেলা বাসের কাউন্টার থেকে আগাম টিকিট পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৩ এপ্রিল থেকে। টিকিট স্টেশনে কাউন্টারের পাশাপাশি অনলাইনেও বিক্রি হবে।



















