শেরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ও গুজব প্রতিরোধে আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্বদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও তথ্য অফিস ওই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) তৈয়ব আলী।
জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তারের সঞ্চলনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী সাইয়েদ এ জেড মোরশেদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, মরিয়মনগর মিশনের ফাদার বিপুল ডেভিড বিশ্বাস প্রমুখ। সভায় জেলার মুসলিম,হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রায় ৪ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িকতা, অপপ্রচার ও গুজব আমাদের দেশের শান্তি ও উন্নয়নের প্রধান বাধা।। এসব পরিহার করতে হবে। মহানবী রাসূল (সা.) জীবনের নানাদিক বিশ্লেষণ করে তারা বলেন, রাসূল (সা.) এর চাচা আবু তালিব ইসলাম ধর্ম গ্রহণ করেননি। কিন্তু চাচার সাথে আল্লাহ রাসূলের নিবিড় সর্ম্পক ছিল। আবার চাচাও ভাতিজার ধর্ম প্রচারে সহযোগিতা করেছেন। মিনার ঘাটিতে যখন রাসূল অবরুদ্ধ ছিলেন তখন তার চাচা ভাতিজার জন্য স্বেচ্ছায় অবরুদ্ধ হন। জীবনের শেষদিন পর্যন্ত রাসূল তার চাচাকে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার কথা বলেছেন। কিন্তু তাকে ঘৃণা করেননি। তাই মহানবীর এ শিক্ষা গ্রহণ করলে সাম্প্রদায়িক হওয়ার সুযোগ নেই।




