শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেল-ইজিবাইক মুখোখুখি সংঘর্ষে ইজিবাইক চালক আব্দুল মালেক (২৬) নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরোহীসহ আরও ৩ জন। ২৬ মার্চ শনিবার সন্ধ্যায় উপজেলার পোড়াগড় এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত মালেক বড় পোড়াগড় মধ্যপাড়া এলাকার আবু রায়হানের ছেলে। আহতরা হচ্ছেন মোটরসাইকেল আরোহী পূর্ব ছনকান্দা গ্রামের ফেরদৌসের ছেলে শাকিল (১৭), মাষ্টারবাড়ি এলাকার সোলাইয়ের ছেলে লতিফ (২০) ও ইজিবাইকের যাত্রী দহেরপাড় ইজারাপাড়া গ্রামের সাদা মিয়ার ছেলে মিন্টু (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় আব্দুল মালেক ইজিবাইকে যাত্রী নিয়ে উপজেলার ভায়াডাঙ্গা বাজার হতে শ্রীবরদী বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। এসময় পোড়াগড় বাজারে আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মালেক। আর আহত হন তিনজন। পরে আশপাশের লোকজন আহতদে উদ্ধার করে শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

শ্রীবরদী থানার এসআই নাজমুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল ও ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




