শেরপুরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও বিদেশি মদসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ৯ মার্চ বুধবার সদর ও নালিতাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে সদর উপজেলার লছমনপুর নয়াপাড়া গ্রামের মো. ইন্তাজ আলীর ছেলে মো. সোহেল রানা (৩০) ও নালিতাবাড়ী উপজেলার কালিনগর গ্রামের মো. আলী হোসেনের ছেলে মো. ইয়াকুব আলী (২৮)। বৃহস্পতিবার সকালে পৃথক মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানার নেতৃত্বে সদর উপজেলার লছমনপুর নয়াপাড় গ্রামে অভিযান চালায় র্যাব সদস্যরা। ওইসময় মো. সোহেল রানা নামে এক মাদক ব্যবসায়ীকে ৩ বোতল বিদেশি মদসহ আটক করে র্যাব সদস্যরা।
এছাড়া বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানার নেতৃত্বে নালিতাবাড়ী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে অভিযান চালায় র্যাব সদস্যরা। ওইসময় ১১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. ইয়াকুব আলীকে আটক করা হয়।

এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের নিয়মিত মামলাসহ সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।




