বাংলাদেশের চলচ্চিত্রে বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে অভিনয় করার পর থেকেই পেয়েছেন তারকা খ্যাতি। এবার বুবলীকে নতুন এক রূপে দেখা যাবে ‘লোকাল’ নামের এক ছবিতে। সিনেমাটিতে নেত্রীর ভূমিকায় অভিনয় করবেন তিনি।

সাইফ চন্দন পরিচালিত সিনেমাটির প্রযোজনায় রয়েছে টাইগার মিডিয়া। বিষয়টি নিশ্চিত করে সাইফ চন্দন বলেন, ‘‘কয়েকদিন আগে ‘লোকাল’র সঙ্গে বুবলী চুক্তিবদ্ধ হয়েছেন। আমরা চেষ্টা করছি তার বিপরীতে জনপ্রিয় কোনো নায়ককে চূড়ান্ত করানোর। আশা করছি, দিন দুয়েকের মধ্যে দেশীয় জনপ্রিয় তারকাকে চুক্তিবদ্ধ করতে পারবো।’’
সিনেমার গল্প প্রসঙ্গে বুবলী বলেন, ‘‘একটি মফস্বল এলাকার গল্প এতে দেখা যাবে। যেখানকার স্থানীয় মানুষদের সংগ্রাম, জীবন-যাপনসহ তাদের নানা সংস্কৃতি তুলে ধরা হবে। সে জন্যই এর নাম ‘লোকাল’ রাখা হয়েছে। আর সেখানেই কিছু বাধা-বিপত্তি আসে। সেটার জন্য একসময় নেতৃত্বের প্রয়োজন হয়। বুবলী তখন এগিয়ে আসবেন।’’




