শেরপুরের নালিতাবাড়ীতে সহপাঠী বন্ধুর বড় ভাইয়ের ছেলের সুন্নতে খৎনার দাওয়াতে বেড়াতে গিয়ে চেল্লাখালী নদীতে গোসল করতে নেমে সলিল সমাধি হয়েছে তোফাজ্জল হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের। ৯ মার্চ বুধবার দুপুরে উপজেলার সন্নাসীভিটা গ্রামের চেল্লাখালি নদীতে ওই ঘটনা ঘটে। তোফাজ্জল পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার আব্দুস সাত্তারের ছেলে।

জানা যায়, তোফাজ্জল হোসেন ঢাকার কড়াইল এলাকায় তার বাবা-মায়ের সঙ্গে বসবাস করে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে। তার সহপাঠী নালিতাবাড়ী উপজেলার সন্নাসীভিটা গ্রামের সাজেদুল ইসলামের বড় ভাই আব্দুল মান্নানের ছেলের
সুন্নতে খৎনার দাওয়াতে মঙ্গলবার রাতের বাসে ঢাকা থেকে আসে। পরে বুধবার সকাল ১১টার দিকে বন্ধুর বাড়ির কাছে থাকা চেল্লাখালী নদীতে গোসল করতে নামে দুই বন্ধু। ওইসময় তারা সাঁতার কেটে নদীর এপাড় থেকে ওপাড়ে যেতে চাইলে সাজেদুর পেরিয়ে গেলেও তোফাজ্জল নদীর মাঝপথে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও জামালপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট এসে নিখোঁজের প্রায় দুই ঘন্টা পর তোফাজ্জলের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল মালেক জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার কয়েক মিনিটের মধ্যেই তোফাজ্জলের লাশ উদ্ধার করি।




