শেরপুরের জেলা প্রশাসক মোমিনুর রশীদ বলেছেন পড়ালেখা ছেড়ে ছাত্র-ছাত্রীরা এখন স্মার্টফোনের প্রতি আসক্ত হয়ে পড়েছে। তাদেরকে বুঝতে হবে, আলোকিত মানুষ হতে গেলে স্মার্টফোন ছাড়তে হবে। পড়ালেখায় মনোযোগী হতে হবে। তিনি ৩ মার্চ বৃহস্পতিবার সকালে শেরপুরের নকলায় চৌধুরী ছবরুন্নেছা মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ছাত্রীদের ক্লাস উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওইসব কথা বলেন।

জেলা প্রশাসক অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ছেলেমেয়েদের প্রতি সবসময় সজাগ দৃষ্টি রাখুন। তাদেরকে সময় দিন। তারা কখন কি করছে, কোথায় যাচ্ছে, কাদের সাথে মেলামেশা করছে খেয়াল করুন। এ বয়সে একবার বিপথগামী হলে তাদের জীবনে অন্ধকার নেমে আসবে। আমাদের সবার একটাই চাওয়া থাকা দরকার আমাদের সন্তান যেন লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে পারে। আলোকিত মানুষ হতে পারে।
কলেজ অধ্যক্ষ আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরমেয়র হাফিজুর লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান প্রমুখ।

ওইসময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, কলেজের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও একাদশ শ্রেণির ছাত্রীরা উপস্থিত ছিলেন।




