শেরপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কিশোর ফুটবলারদের (অনুর্ধ্ব-১৫) পাঁচ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের ডেভেলপমেন্ট কাপ ফুটবলে (অনুর্ধ্ব-১৫) অংশগ্রহণে জন্য জেলা দল গঠনের লক্ষ্যে ৫ উপজেলা ও শেরপুর পৌরসভা এলাকা থেকে বাছাইকৃত ৪ জন করে মোট ২৪ জন কিশোর ফুটবলার ওই প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করছে। ২ ফেব্রুয়ারি বুধবার বিকেলে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ওই প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মুকতাদিরুল আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) কোষাধ্যক্ষ মো. খোরশেদ আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার জানান, ৫ দিনব্যাপী এ আবাসিক প্রশিক্ষণে বাফুফের গ্রাসরুট কোচিং কোর্স করা চারজন কোচ কিশোর ফুটবলারদের প্রশিক্ষণ দেবেন। কোচরা হলেন সাধন বসাক, মজিবুর রহমান, গোলাম শাহরিয়ার রবীন ও আবু রাসেল রাজন। কোচদের তত্বাবধানে জেলার ৫ উপজেলার প্রত্যেকটি থেকে ৪ জন করে এবং শেরপুর পৌরসভা এলাকার ৪ জনসহ মোট ২৪ জন কিশোর ফুটবলার বাছাই করে এ প্রশিক্ষণ ক্যাম্প করা হচ্ছে।

এদের মধ্যে থেকে বাছাই করে ডেভেলপমেন্ট কাপের (অনুর্ধ্ব-১৪) বিভাগীয় পর্যায়ে খেলার জন্য জেলা দল গঠন করা হবে। চূড়ান্তপর্বের বাছাইকৃত খেলোয়াড়রা দীর্ঘমেয়াদী উন্নততর প্রশিক্ষণের সুযোগ পাবে।




