শেরপুরে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ) মোহাম্মদ জুলফিকার হোসাইন রনিকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। ১৬ জানুয়ারি রবিবার সকালে সমিতির অফিসকক্ষে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন।

এ উপলক্ষে সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান আকন্দের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. আখতারুজ্জামান ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর।
সমিতির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম, একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল কাদের খান, সাখাওয়াতউল্লাহ তারা, ইমাম হোসেন ঠান্ডু, গোলাম কিবরিয়া বুলু, এমকে মুরাদুজ্জামান, আবুল মানসুর স্বপন ও খন্দকার মাহবুবুল আলম রকীব, বর্তমান সিনিয়র সহ-সভাপতি হরিদাস সাহা প্রমুখ।

বক্তারা বলেন, জেলা লিগ্যাল এইড কমিটির সরাসরি প্রথম কর্মকর্তা হিসেবে সিনিয়র সহকারী জজ জুলফিকার হোসাইন রনি তার আন্তরিকতা, সদিচ্ছা ও দায়িত্বশীলতার মধ্যদিয়ে লিগ্যাল এইড অফিসের কার্যক্রমকে জেলাব্যাপী তুলে ধরতে সক্ষম হয়েছেন। হতদরিদ্র মানুষের বিনামূল্যে আইনগত সহায়তা লাভের পাশাপাশি ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করেছেন। মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করেছেন পারিবারিকসহ নানা ঘটনায় বিবদমান দুপক্ষের শতশত বিরোধ। এর মধ্যদিয়ে তিনি প্রতিষ্ঠানটিকে অনেক উচ্চতম অবস্থানে নিয়ে গেছেন। আর তাকে সার্বিক নির্দেশনা ও উৎসাহ যুগিয়েছেন কমিটির চেয়ারম্যানসহ অন্যান্য বিচারক ও আইনজীবীগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে বিদায়ী লিগ্যাল এইড কর্মকর্তাকে আইনজীবী সমিতির তরফ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, কিশোরগঞ্জের সন্তান জুলফিকার হোসাইন রনি বদলিমূলে ঢাকা জজশীপে সিনিয়র সহকারী জজ হিসেবে যোগদান করেছেন।




