শেরপুর জেলার প্রত্যন্ত চরাঞ্চলে উদয়ন গ্রুপের উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ৮ জানুয়ারি শনিবার দুপুরে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের তালুকপাড়া এলাকায় আয়োজিত ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুল হক মনি।

ওইসময় তিনি বলেন, উদয়ন গ্রুপ ব্যবসার পাশাপাশি হতদরিদ্র মানুষের সেবায় কাজ করছে। গ্রুপের পক্ষ থেকে চলতি মাসেই চরাঞ্চলের দরিদ্র মানুষের মধ্যে আরও পাঁচ হাজার কম্বল বিতরণ করা হবে। এছাড়া গ্রুপের পক্ষ থেকে এ বছর শতাধিক ঘরহারা মানুষকে ঘর তৈরি করে দেওয়া হবে। আর অবহেলিত চরাঞ্চলের মানুষের চিকিৎসা সহায়তায় একটি আধুনিক হাসপাতাল করা হবে।
বিশিষ্ট সমাজসেবক ফয়েজুর রহমানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, মহিলা আওয়ামী লীগ নেত্রী শরিফুন্নাহার শম্পা প্রমুখ। ওইসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আছাদুজ্জামান মোরাদ।

এদিন এলাকার ৫ শতাধিক শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।




