আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষিমন্ত্রী শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষকে সবসময় সহায়তা দিয়ে যাচ্ছেন। শীতে ও গরমে দেন, ঈদে দেন, পূজাপার্বণে দেন। স্কুলের ছাত্র-ছাত্রীদের সহায়তা করেন। সুতরাং আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে সহযোগিতা করুন।

তিনি ৫ জানুয়ারি বুধবার সকালে শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার সেরা ১০ শিক্ষার্থীদের মাঝে নিজস্ব তহবিল থেকে বিনামূল্যে কম্বল বিতরণকালে ওইসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন সদিচ্ছা থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বছরের শুরুতে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা যায়। তিনি আরও বলেন, এশিয়ার খুব কম রাষ্ট্রেই বই উৎসব হয়। তারা আমাদের দেখে শিখেছে কিভাবে বিনামূল্যে বই বিতরণ করা যায়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, এলজিইডির উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল হক হীরাসহ প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতা-কর্মী ও সু্বিধাভোগীরা উপস্থিত ছিলেন।




