ঘুরে ঘুরে অসহায়-হতদরিদ্রদের হাতে তুলে দিলেন কম্বল
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক ও আদরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। তিনি সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১৮ ও ১৯ ডিসেম্বর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে অসহায়-হতদরিদ্র মানুষের হাতে তুলে দিয়েছেন প্রায় ২ সহস্রাধিক কম্বল। এতে বেজায় খুশি কনকনে শীতে কাবু হওয়া অসহায় মানুষগুলো।

জানা যায়, অন্যান্য বছরের ন্যায় এবারও আদরজান ফাউন্ডেশনের তরফ থেকে ১৮ ডিসেম্বর শনিবার থেকে গরিব-অসহায় মানুষদের মাঝে শীতের কম্বল বিতরণ শুরু করেন সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ওইদিন রাতে তিনি পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভাসমান ছিন্নমূল মানুষের হাতে এবং কারও বা শরীরে ভালোবাসার পরশে জড়িয়ে দেন শীতের কম্বল। তিনি ওই কম্বল নিয়ে নিজের গাড়িতে চেপে ঘুরে ঘুরে বিভিন্ন এলাকায় যেখানেই পেয়ে যান হতদরিদ্র রিকশাচালক, দিনমজুর, হোটেল শ্রমিক, ভবঘুরে, অপ্রকৃতিস্থ শীতার্ত ছিন্নমূল মানুষ, সেখানেই নেমে পড়ে তাদেরকে ওই কম্বল তুলে দেন। রাতের আঁধারে কনকনে শীতে ওই কম্বল বিতরণ দেখে অনেক পথচারীই হতবাক হয়ে তাকিয়ে থাকেন।
একইভাবে তিনি ১৯ ডিসেম্বর রবিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির মাধ্যমে শতাধিক অসহায় মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেন। ওইসময় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট হরিদাস সাহা, সাবেক সহ-সাধারণ সম্পাদক ও জেলা যুব মহিলা আওয়ামী লীগের আহবায়ক এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী, জেলা কৃষক লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান লিটন, সাপ্তাহিক শ্যামলী শেরপুর’র নির্বাহী সম্পাদক উমর ফারুক, যুব মহিলা আওয়ামী লীগ নেত্রী মাহবুবা রহমান শিমু প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া একইদিন বিকেলে এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী শহরের গোপালবাড়ী বটতলাস্থ তার অফিস থেকে শহরের বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে অসহায়-হতদরিদ্রসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বিতরণের জন্য শিক্ষকদের হাতে আরও সহস্রাধিক কম্বল তুলে দেন। ওইসময়ও যুব মহিলা লীগ নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার পারিবারিক ঐতিহ্য।তাই শীতের কনকনে ঠান্ডায় বিপর্যস্ত অসহায় মানুষগুলোকে একটু উষ্ণতার পরশ দিতে প্রতি বছরের ন্যায় এবারও আমার নিজের গড়া প্রতিষ্ঠান আদরজান ফাউন্ডেশনের তরফ থেকে পৌর এলাকাসহ সদর উপজেলার ভাসমান ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করেছি এবং এজন্য আমি আনন্দিত। এ চেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, শীতার্ত মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।




