শেরপুরের নালিতাবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক বিপ্লব হোসেন সুমন (৩০) ঘটনাস্থলেই নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে রেহেনা বেগম (৪৫) নামে এক নারী। ১৯ ডিসেম্বর রবিবার বিকেলে উপজেলার ভালুকাকুড়া গ্রামে নালিতাবাড়ী-হালুয়াঘাট সড়কে ওই দুর্ঘটনা ঘটে। বিপ্লব শেরপুর শহরের বাগরাকসা মহল্লার মোরাদ মিয়ার ছেলে। সে ইট-বালুর ব্যবসা করতো বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিপ্লব হোসেন রবিবার বিকেল পাঁচটার দিকে মোটরসাইকেলযোগে নালিতাবাড়ী হয়ে হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভালুকাকুড়া গ্রামে পৌছালে পাকা রাস্তার পাশ থেকে আলী হোসেনের স্ত্রী রেহেনা বেগম রাস্তা পার হতে যান। এ সময় ওই নারীকে রক্ষা করতে গিয়ে বিপ্লব মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়। একইসঙ্গে মোটরসাইকেলে ধাক্কা লেগে রেহেনা বেগমের পা ভেঙে যায়। ওইসময় আশপাশে কেউ না থাকায় দুজনেই রাস্তায় পড়ে থাকে।
একটু পর পথচারীরা তাদের দেখতে পেয়ে দুজনকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক বিপ্লবকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত রেহেনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ বাদল জানান, ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।









