’শীত আইলেই বাড়ে রোগ। এর লাইগা মেলা চিকিৎসা করছি। ভালা অয় নাই। অহন আমার ভাই কাঁঠাল গাছের মগডালে উইঠা গলায় রশি দিয়া আত্মহত্যা করলো’। কথাগুলো বলছিলেন শেরপুরের শ্রীবরদী উপজেলা চরশিমুলচূড়া গ্রামের আনিসুর রহমান (৫০) নামে এক কৃষকের ছোট ভাই ইদ্রিস আলী। ১৩ ডিসেম্বর সোমবার নিহতের বাড়ির পাশে কাঠাল গাছের মগডাল থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করে পুলিশ। আনিসুর রহমান ওই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আনিসুর রহমান সোমবার রাতে কোন এক সময় বাড়ির পাশে কাঁঠাল গাছের ডালে রশি বেঁধে আত্মহত্যা করে। সকালে নিহতের ছোট ভাই আজাহার আলী গোয়ালঘর থেকে গরু নিয়ে বের হলে কাঁঠাল গাছে তার বড় ভাইকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে ঘটনাস্থলে আসে আশপাশের লোকজন। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে।
আনিসুর রহমানের পরিবারের লোকজন জানায়, আনিসুর রহমান মানসিক ও বুক ধরফর রোগে আক্রান্ত ছিলেন। শীত এলে তার এ রোগ বাড়ে। গত শীতেও সে এ রোগে আক্রান্ত হয়েছিল।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




