শেরপুরের ঝিনাইগাতীতে মানুষ-হাতির দ্বন্দ্ব নিরসন ও হাতি সংরক্ষণে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার তাওয়াকুচা বিট কার্যালয় চত্বরে ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কার্যালয় আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শেরপরের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আবু ইউসুফ, উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান, ইউপি সদস্য মো. হযরত আলী, এলাকাবাসী রহমত প্রমুখ।
সভায় শেরপরের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আবু ইউসুফ বলেন, ফসলি জমিতে বা বাড়িঘরে হামলার ঘটনায় স্থানীয়দের হাতির বিরুদ্ধে আগ্রাসী না হওয়ার অনুরোধ করেছেন। তিনি বলেন, বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা-২০২১ অনুযায়ী সরকারি বনাঞ্চলের বাইরে যদি হাতি দ্বারা কোনো ব্যক্তি আক্রান্ত হয় বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ ক্ষতিগ্রস্ত হয় তবে বন বিভাগের কাছে ক্ষতিপূরণের জন্য আবেদন করা যাবে। এই বিধিমালা অনুযায়ী আবেদনের পরিপেক্ষিতে বন অধিদপ্তর ক্ষতিপূরণ প্রদান করে।

তিনি আরও বলেন, হাতিগুলো যদি কারও ক্ষতিও করে সেক্ষেত্রে স্থানীয়দের উচিত হবে প্রাণীগুলোকে আক্রমণ বা বিরক্ত না করে যথাযথ মাধ্যমে ক্ষতিপূরণ দাবি করা। এজন্য প্রথমে থানায় জিডি করে নিদিষ্ট ফরমে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে হবে।




