সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উৎসব উপলক্ষে ঢাকাস্থ বঙ্গবন্ধু লেখক পরিষদের উদ্যোগে ‘বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী সম্মাননা’ সম্মাননা পেয়েছেন জামালপুরের কৃতি সন্তান বিশিষ্ট কবি, নাট্যকার ও গীতিকার আলী আক্কাছ। জাতীয় জীবনে কবিতা, নাটক ও দেশাত্মবোধক গানে বিশেষ অবদান রাখায় ১৯ নভেম্বর শনিবার বিকেলে বাংলাদেশ প্রেস কাউন্সিল হলরুমে আয়োজিত সম্মাননা পদক বিতরণ অনুষ্ঠানে তাকে ওই পদক তুলে দেওয়া হয়।

বঙ্গবন্ধু লেখক পরিষদ নেতা আব্দুল হক চাষীর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি খিজির আহামদ।
অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগ থেকে ৩ জনকে ওই সম্মাননা পদকে ভূষিত করা হয়েছে। অপর দু’জন হলেন মাহমুদ আল মামুন ও সানোয়ার হোসেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আলী আক্কাছ ১৯৫৮ সালের ৫ জানুয়ারি জামালপুর জেলার নরুন্দিতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম চিনু মাহমুদ, মাতার নাম মরহুমা ওহিরন নেছা। ৩ ভাই ৬ বোনের মধ্যে তিনি সবার ছোট। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা (অনার্স) মাস্টার্স করেন। আলী আক্কাছ স্বৈরাচার বিরোধী আন্দোলনে জড়িত ছিলেন। তার প্রকাশিত গ্রন্থ- কাঁচ ভাঙ্গার উপাখ্যান (গল্প), কাউকে কিছু বলবোনা (কবিতা), পল্টনে রক্তাক্ত সমাবেশ, নাটক- কৈফিয়ত, সীমান্ত সরিয়ে দাও এবং আয়না। ‘বাংলার আকাশে মুজিব/ধ্রুবতারা নও/পূর্ণিমা শশী হয়ে জ্বলবে/যতদিনই এ পৃথিবী থাকবে’- এটি তার একটি বিখ্যাত গান।

কবি নাট্যকার ও গীতিকার বীর মুক্তিযোদ্ধা আলী আক্কাছ সম্মাননা পদক পাওয়ায় কবি সংঘ বাংলাদেশ’র সভাপতি কবি সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ এবং সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদার তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।









