শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কৃষকদের ক্ষেতের ফসল নষ্ট করছে বন্য হাতির দল। উপজেলার সীমান্তবর্তী পানিহাটা গ্রামে গত এক সপ্তাহে বন্য হাতির একটি দল পাহাড়ের ঢালে প্রায় ১০০ একর আমন ক্ষেত নষ্ট করেছে বলে কৃষকেরা জানিয়েছেন। ১৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বন্য হাতির দলটি ওই গ্রামেই অবস্থান করছে।

স্থানীয় কৃষক বিজার কুবি জানান, সেখানে তারও জমি আছে। চলতি মৌসুমে পাহাড়ের ঢালে দেড় একর জমি বর্গা নিয়ে আমন আবাদ করেছিলেন তিনি। ফলনও ভালো হয়েছিল। কিন্ত গত দুই দিনে চোখের সামনে হাতির পাল তার ক্ষেতের প্রায় সব ধান খেয়ে সাবাড় করে ফেলেছে।
আরেক কৃষক মোতালেব হোসেন বলেন, ‘হাতির ভয়ে ১৫ দিন ধইরা আমরা ক্ষেতের পাশে রাত জেগে পাহারা দিচ্ছি। কিন্তু গত মঙ্গলবার রাতে হাতির দল আমার ও আরও দুই কৃষকের ক্ষেতের ফসল খেয়ে শেষ করে ফেলছে। এত কষ্টের ফসল চোখের সামনে শেষ হয়ে গেল।’
কয়েকজন ক্ষতিগ্রস্ত কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় কৃষকেরা এ মৌসুমে পাহাড়ের ঢালে প্রায় ১০০ একর জমিতে আমন আবাদ করেছিলেন। ধান ঘরে তুলতে আর মাত্র দুই সপ্তাহ বাকি আছে। বন্য হাতির ভয়ে ইতোমধ্যেই কয়েকজন কৃষক আধা পাকা ধান কেটে বাড়িতে নিয়ে গেছেন। বাকি কৃষকেরা ক্ষেতের পাশে চালা করে ১৫ দিন ধরে রাত জেগে ফসল পাহারা দিচ্ছেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পাহাড়ের টিলা থেকে ছোট–বড় প্রায় ৪০টি হাতির দল পানিহাটা পাহাড়ের ঢালে নেমে আসে। ওই সময় পাহাড়ের ঢালে কৃষক আবদুল খালেকের দেড় একর, মোতালেব হোসেনের ৩ একর, মোরশেদ মিয়ার ৩৫ শতক, হজরত আলীর ৭৫ শতক, জয়নাল আবেদিনের ১ একর ও সুরুজ মিয়ার ১ একর জমির ফসল নষ্ট করেছে বলে স্থানীয় লোকজন দাবি করছেন। ক্ষেতের ফসল রক্ষা করতে গিয়ে সুরুজ মিয়া নামের স্থানীয় এক কৃষক হাতির আক্রমণে আহত হয়েছেন। এলাকাবাসীরা ঢাকঢোল পিটিয়ে, হইহুল্লোড় করে, পটকা ফুটিয়ে ও ঢিল ছুড়ে হাতি তাড়ানোর জন্য একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

বন বিভাগের মধুটিলা রেঞ্জের রেঞ্জার আবদুল করিম বলেন, ইতোমধ্যে বন্য হাতির আক্রমণে পানিহাটা গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকেরা বন বিভাগের কাছে আবেদন করেছেন। গত তিন দিনে আরও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, থানায় জিডি করে বন বিভাগের ফর্মে আবেদন করলে পরবর্তী সময়ে সরকারিভাবে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন বলেন, ইতোমধ্যে হাতি তাড়াতে কৃষকদের চার্জার লাইট দেওয়া হয়েছে। মশাল জ্বালাতে কেরোসিন তেল দেওয়া হয়েছে। এরপর বন্যহাতির আক্রমণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের তালিকা পেলে সরকারিভাবে সহযোগিতা করা হবে।









