শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে হারভেস্ট প্লাস বিংস প্রকল্পের আয়োজনে জিংক ধান ব্রি-৭২ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রামে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর।

ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ফরহাদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রজেক্ট অফিসার মানিক দেবনাথ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরুল আমিন ও মঞ্জুরুল ইসলাম, সুপারভাইজার তুহিন ইসলাম ও সবুজ রানা প্রমুখ।
মাঠ দিবসে বক্তারা বলেন, জিংক চালের ভাত খেলে ছেলে মেয়েরা খাটো হয় না, মেধা বিকাশ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। গর্ভবতী মা ও কিশোর-কিশোরীদের শারীরিক দুর্বলতা হয় না। মাঠ দিবসে এলাকার ১৮০ জন কৃষক-কৃষানীগণ উপস্থিত ছিলেন।

মাঠ দিবসে মো. ফরিদ মিয়ার প্রদর্শনীতে নমুনা ফসল কর্তন করে হেক্টর প্রতি ৬.১১ টন ফলন পাওয়া যায়। উপস্থিত কৃষকরা ওই ফলন দেখে আগামী বোরো মৌসুমে জিংক ধান ব্রি-৭২ ও ব্রি-৮৪ চাষাবাদ করবেন বলে জানান।




