শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের মনোনীত দুই ইউপি চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। এরা হলেন রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউনিয়নের আমানউল্লাহ বাদশা ও নন্নী ইউনিয়নের বিল্লাল হোসেন চৌধুরী। ১১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নে মোট ৪৯ জন চেয়ারম্যান প্রার্থী গত ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত তাদের মনোনয়ন দাখিল করেন। এরমধ্যে ৫ নং রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউনিয়নে একাধিক প্রার্থী না থাকায় সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমানউল্লাহ বাদশা বিনা প্রতিন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
অপরজন ২ নং নন্নী ইউনিয়নে মোট ৪ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও তিন দফায় বৃহস্পতিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন পর্যন্ত বর্তমান চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন, বিএনপি নেতা নজরুল ইসলাম ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাকিম মোঃ আব্দুর রব এ তিনজন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

এদিকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান পদে দাখিলকৃত মনোনয়নের মোট ৪৯ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।









