‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৬ নভেম্বর শনিবার সকালে জেলা কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জাতীয় ও সমবায় সমিতির পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ টি এম জিয়াউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র ও কাকলি সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবু বক্কর সিদ্দিক এবং সদর উপজেলা কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মো. আবুল কাশেম।

জেলা সমবায় কার্যালয়ের হিসাবরক্ষক মো. সোলাইমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদ সদস্য মো. ছানোয়ার হোসেন, কাকলী সমিতির সাধারণ সম্পাদক মানিক দত্তসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও জেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




