পরিচ্ছন্ন ও জবাবদিহিতা মূলক ইউনিয়ন গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করতে চান রাণীশিমূল পাইলট ইউনিয়নের চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ও ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোত্তাকিন মিয়া। স্থানীয় আ’লীগের নেতাকর্মী ও এলাকাবাসীদের সাথে নির্বাচনী আলোচনা সভায় এমন প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। ২৯ অক্টোবর শুক্রবার রাতে ভায়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে ব্যাখ্যা দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে মোত্তাকিন মিয়া বলেন, গত বছরে অন্যান্য ইউনিয়নে উন্নয়ন হলেও এই ইউনিয়নের বাসিন্দারা উন্নয়ন বঞ্চিত হয়েছেন। যেখানে-সেখানে ময়লার ভাগার হয়েছে। নেই কোন ময়লা রাখার ডাস্টবিন। সড়কের আয়তন ছোট হওয়ায় মানুষের চলাচল বাঁধাগ্রস্থ হচ্ছে। যানজটতো নিত্যদিনের সঙ্গী। গ্রামের ভেতরে কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটলে রাস্তা ছোট হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে সমস্যা হয়। সন্ধ্যা নামলেই চারদিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এসব সমস্যা সমাধান করতে এবং এই ইউনিয়নকে পরিচ্ছন্ন, মডেল ও জবাবদিহিতা ইউনিয়ন হিসেবে গঠন করতে কাজ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন তিনি।
অবসরপ্রাপ্ত সৈনিক কবি আল হেলাল লালা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাণিশিমূল ইউনিয়নের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ৮নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি হাফেজ জামাল, ২নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি ইয়ানূস আলী প্রমূখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বদিউজ্জামান, আবুল কাশেম বাচ্চু, মোফাজ্জল হোসেন, জনি তালুকদার, মিজানুর রহমান, পিন্টু মিয়া, আবু বাক্কার মাস্টার, আমির হামজা, আসাদুজ্জামান আসাদ, রফিকুল ইসলাম, আপেল মাহমুদসহ এলাকার গর্ণমান্য ব্যক্তিবর্গ।




