আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় শেরপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে কামারেরচর ও পাকুড়িয়া ইউনিয়নের পর এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন গাজীরখামার ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. আওলাদুল ইসলাম আওলাদ। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে অন্য দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। ২৬ অক্টোবর মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পাকুড়িয়া ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হামিদুর রহমান। এ নিয়ে টানা দ্বিতীয় দফায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন আওলাদ।

জানা যায়, গাজীরখামার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, বর্তমান চেয়ারম্যান মো. আওলাদুল ইসলাম আওলাদসহ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে ঋণ খেলাপির অভিযোগে জেলা কারাগারে থাকা সাবেক চেয়ারম্যান, কৃষকলীগ নেতা মো. খলিলুর রহমান খলিলের মনোনয়নপত্র অবৈধ বিবেচিত হয়।
আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার অপর ৩ চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম হেলাল, সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তার ও বিএনপি নেতা সারোয়ার হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় নৌকা প্রতীকের প্রার্থী আওলাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।

এর আগে সদর উপজেলার কামারেরচর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব ও পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব মোঃ হায়দার আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।




