শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরে পাথর ভাঙার বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে রনি (১৪) নামে এক কিশোর পাথর শ্রমিক। ২২ অক্টোবর শুক্রবার বিকেলে ওই ঘটনা ঘটে। আহত রনি উপজেলার উত্তর কাপাশিয়া গ্রামের চাঁন মিয়া ছেলে।

আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার নাকুগাঁও স্থলবন্দরে পাথর ভাঙার কাজ করছিল শ্রমিক রনি। বিকেল পাঁচটার দিকে পাথরের মাঝে ছোট একটি ইলেক্ট্রনিক ডিভাইসের মতো কিছু একটা পেয়ে কৌতুহলবশত হাতে নেয় এবং বন্দরের কাছেই ভাড়ায় নেওয়া ঘরে যায় রনি। পরে সেটিকে নাড়াচাড়ার একপর্যায়ে ডিভাইসে লাগানো দুটি ক্যাবল একসাথে লাগানোর চেষ্টা করার সময় সেটি বিস্ফোরিত হয়ে আহত হয় রনি। পরে রনির নানী পাথল শ্রমিক হরবলা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। কিন্তু পরবর্তীতে রনির শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ওইসময় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রনিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত রনির পরিবার ও বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্ভবত পাথর ভাঙার বোমাটি কোন কারণে পাথর খনিতে অবিস্ফোরিত রয়ে যায়। পরবর্তীতে ভুটান থেকে পাথর আমদানীর সময় পাথরের সাথে মিশে বোমাটি নাকুগাঁও বন্দরে চলে আসে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মামুন জানান, রনির বাম হাত ও পায়ে বেশি জখম হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে ক্ষত হয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, বিষয়টি জানতে পেরেছি, বর্তমানে ঘটনাস্থলে পুলিশ আছে।









