‘সাম্প্রদায়িক সন্ত্রাস; রুখে দাঁড়াও বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে আওয়ামী লীগ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শেরপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর মঙ্গলবার বিকেলে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানামোড় বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে শেষ হয়।

শান্তি শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।
ওইসময় হুইপ আতিক বলেন, বাংলাদেশ শান্তির দেশ, আমরা শান্তিতে থাকতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের জন্য পরিশ্রম করে যাচ্ছেন যেন দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। কিন্তু এর মধ্য যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে, দেশের মানুষকে অত্যাচার করবে তাদের ছাড় দেওয়া হবে না। আমরা সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং জনগণকে নিয়ে প্রতিরোধ করবো। শেখ হাসিনার বাংলায় সন্ত্রাসীদের ঠাই নেই।

শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন ও এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, হুইপ কন্যা সাদিয়া রহমান অপিসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।




