শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে মোছা. জেরিন (২০) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। ২০ অক্টোবর বুধবার ১০টার দিকে উপজেলার মাটিয়াকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের আস্কর আলীর স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে মাটিয়াকুড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আস্কর আলী সাথে একই উপজেলার ছনকান্দা গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে জেরিনের সাথে বিয়ে হয়। তার স্বামী আস্কর আলী অটোচালক। ঘটনার দিন নিজ বাড়িতেই অটো বাইক চার্চ বসিয়ে দেন। বুধবার সকাল ১০টার দিকে জেরিন অটো চার্জের হুক খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এতে গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলা সদর হাসপাতালে পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। ওইসময় জেলা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনাটি নিয়ে উভয় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমেছে।




