শেরপুরে মহা ষষ্ঠীপূজার মধ্যদিয়ে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। মন্দিরে মন্দিরে এখন উলুধ্বনি, শঙ্খ, কাঁসর আর ঢাকের বাদ্যি। সোমবার (১১ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব শুরু হয়ে শুক্রবার (১৫ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ উৎসবকে ঘিরে শেরপুরে এখন উৎসবের আমেজ। পূজাকে আনন্দমুখর করে তুলতে মন্ডপগুলো সাজানো হয়েছে বর্ণাঢ্য সাজ-সজ্জায়।
বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী, দেবী দুর্গা এবার আসছেন ঘোটকে অর্থাৎ ঘোড়ায় চড়ে। ঘোড়া এমন একটি বাহন যা যুদ্ধের সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। ঘোড়ার পায়ের শব্দও যুদ্ধেরই ইঙ্গিত দেয়। তাই পঞ্জিকা মতেই ঘোটকে আগমন মানেই ছত্রভঙ্গের কথাই বলা হয়। অর্থাৎ, এই সময়ে যুদ্ধ, অশান্তি, হানাহানির সম্ভাবনা থাকে। পঞ্জিকা বলছে, মা দুর্গার এবার দোলায় গমন। দোলায় গমনের ফলাফল হল মড়ক লাগা।
জানা গেছে, রবিবার সারাদেশের পূজামন্ডপগুলোতে দুর্গা দেবীর বোধন অনুষ্ঠিত হয়। দুর্গোৎসবের প্রাক্কালে বোধনের মাধ্যমে দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙার জন্যই এই বন্দনা পূজা। মন্ডপে-মন্দিরে পঞ্চমীতে সায়ংকালে তথা সন্ধ্যায় এই বন্দনা পূজা অনুষ্ঠিত হয়। আজ ১১ অক্টোবর ষষ্ঠীপালন শেষ হলে পর্যাক্রমে ১২ অক্টোবর সপ্তমী, ১৩ অক্টোবর অষ্টমী, ১৪ অক্টোবর নবমী এবং ১৫ অক্টোবর দশমী পালনের মধ্য দিয়ে এই উৎসবের সাঙ্গ হবে। শেরপুরে ১৫১ টি পূজামন্ডপে এবার শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি এড. সুব্রত দে ভানু বলেন, কোভিড পরিস্থিতির কারণে ভার্চুয়ালভাবে সব আনুষ্ঠানিকতা সম্পন্নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে মন্দিরে পূজা এবং অন্যান্য আনুষ্ঠানিকতার ব্যবস্থা থাকবে। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের মাধ্যমে স্বল্পসংখ্যক পূজারিকেই মন্দিরে পূজার সুযোগ দেওয়া হবে। তিনি আরও জানান, বছরের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব নিয়ন্ত্রিতভাবে উদযাপন করা কঠিন। কিন্তু বিদ্যমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করেই সব আয়োজন করতে হচ্ছে। তারা সবাইকে মন্দিরের নিয়মাবলী মেনে শারদীয় দুর্গোৎসবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।









