শেরপুরের নালিতাবাড়ীতে নিভৃত পল্লীতে মা-মেয়েকে গণধর্ষণের চাঞ্চল্যকর মামলায় গ্রেফতারকৃত ২ ধর্ষক আব্দুস সাত্তার (৪৫) ও সাদেক আলীকে (৩০) জেলা কারাগারে পাঠানো হয়েছে।

১১ অক্টোবর সোমবার দুপুরে ওই ২ জনকে আদালতে সোপর্দ করা হলে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ তাদের পক্ষে কোন জামিনের আবেদন না থাকায় সরাসরি কারাগারে পাঠানোর আদেশ দেন।
একইদিন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানা ধর্ষিতা কিশোরীর (১৬) জবানবন্দি গ্রহণ করেছেন। পরে বয়স নির্ধারণী পরীক্ষার জন্য ওই কিশোরীকে জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর খন্দকার শহীদুল হক।

উল্লেখ্য, গত শনিবার রাতে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের দক্ষিণ পলাশিকুড়া গ্রামে স্থানীয় ৮ দুর্বৃত্ত মিলে মা ও মেয়েকে একটি নির্জন বাড়িতে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। ওই ঘটনায় পরদিন ধর্ষিতা মায়ের দায়ের করা মামলায় ২ ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। বাকিরা এখনও পলাতক রয়েছে।




