শেরপুরে পৌর সার্ভিস এ্যাসোসিয়েশনের জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর শনিবার বিকেলে অনুষ্ঠিত ওই সম্মেলনে সর্বসম্মতক্রমে শেরপুর পৌরসভার সচিব আবু লায়েছ মো. বজলুল করিম বাপ্পীকে সভাপতি ও ভ্যাকসিন সুপারভাইজার ফারুক আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট জেলা পৌর সার্ভিস এ্যাসোসিয়েশনের ৩ বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়। এ নিয়ে বাপ্পী একই সংগঠনের তৃতীয় দফায় সভাপতি নির্বাচিত হলেন। আর ফারুক আহমেদ শেরপুর পৌরসভার কর্মচারী সংসদের বিদায়ী সভাপতি।

এ উপলক্ষে পৌর সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পৌর মেয়র নজরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় পৌর সার্ভিস এ্যাসোসিয়েশনের আহবায়ক কামরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক আতাউর রহমান ও বিভাগীয় এ্যাসোসিয়েশনের সদস্য সচিব ইছাহাক আলী।
শেরপুর জেলা পৌর সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি আবু লায়েছ মো. বজলুল করিম বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নকলা পৌরসভার সচিব মনিরুল হাসান আজাদ, শেরপুর পৌরসভার সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, প্রধান সহকারী নুর-ই-আলম চঞ্চল, নালিতাবাড়ী পৌরসভার সহকারী কর আদায়কারী জমির উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।




