শেরপুরের নালিতাবাড়ীতে ফুটবল খেলা দেখতে বিদ্যালয়ের চালে উঠতে না দেওয়ার জেরে দপ্তরির উপর হামলা ফেরাতে গিয়ে শিক্ষক ও আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম খোকনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর রবিবার বিকেলে উপজেলা পরিষদের সামনের মহাসড়কে নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ইমদাদুল হক কাজল, যোগেন রায়, হারুন-অর-রশিদ, আবু নোমান, নেছার উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সারোয়ার আহমেদ স্বপন প্রমুখ।
উল্লেখ্য, গত ১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় তারাগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১’ এর উদ্বোধনী খেলা শেষে কতিপয় উছৃঙ্খল যুবক খেলা দেখতে বিদ্যালয়ের চালে উঠতে না দেওয়ার ঘটনায় দপ্তরি আকাব্বর আলীর উপর অতর্কিতে হামলা করে। ওইসময় ফেরাতে গেলে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকনের উপর হামলা করে যুবকরা। বিদ্যালয়ের দপ্তরি আকাব্বর ও শিক্ষক খোকন গুরুতর আহত হলে প্রথমে তাদের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়।










