বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নেতাকর্মীদের বাসা-বাড়িতে সন্ত্রাসী হামলা ও নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশি হামলা ও তাণ্ডব আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ। হামলা-মামলা-গ্রেফতার করে আন্দোলন থেকে বিএনপি নেতাকর্মীদের বিরত রাখা যাবে না। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যুবদলের আনন্দ মিছিলে পুলিশ হামলার প্রতিবাদে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওইসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আন্দোলন ও পতনের ভয়ে ভীত বর্তমান ভোটারবিহীন সরকার দমন-পীড়ন চালিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে পর্যুদস্ত করার ষড়যন্ত্র করছে। বিবৃতিতে তিনি অভিযোগ করেন, সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের মিছিলে পুলিশ হামলা করেছে।
তিনি নোয়াখালী জেলাধীন সোনাইমুড়ি উপজেলার ২ নং নদোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সানির বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।




















