প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে শেরপুরে গণটিকা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদে ওই গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দু’দিনব্যাপী গণটিকা কার্যক্রমের উদ্বোধন করা হলো। করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে পরিচালনা করেছেন তা প্রশংসনীয়। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

গণটিকা কার্যক্রম উদ্বোধনকালে শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শারমিন রহমান অমি, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলীসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে হুইপ আতিকসহ অন্যান্যরা নিজাম উদ্দিন আহাম্মদ মডেল কলেজের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন।




