শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের নির্মাণাধীন একটি বাণিজ্যিক ভবনের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ৩ তলার ছাদ থেকে পড়ে মো, রুমান (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ২৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে পৌর শহরের মধ্যবাজার দুধহাটিতে ওই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নালিতাবাড়ী শহরের মধ্যবাজার দুধহাটি এলাকায় শফিউদ্দিন নামে এক ব্যবসায়ীর নির্মাণাধীন বাণিজ্যিক ভবনের তৃতীয় তলার ছাদে চতুর্থ তলার কাজ করছিলেন নির্মাণ শ্রমিকরা। বেলা সাড়ে ১২টার দিকে মেইন রোড থেকে রশিতে বেঁধে নিচ থেকে তৃতীয় তলার ছাদে রড উঠানোর কাজ করছিল দুই শ্রমিক রুমান ও ফারুক। অসাবধানতাবশত উঠানোর সময় রশিতে বাঁধা রড কাছেই থাকা পিডিবি’র ৩৩ কেভিএ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে স্পর্শ লাগে। এতে নির্মাণ শ্রমিক রুমান বিদ্যুতায়িত হয়ে নিচে রাস্তার পাশে রাখা ইটের খোয়ার ওপর পড়ে যায়। একই সময় আরেক নির্মাণ শ্রমিক ফারুক বিদ্যুতায়িত হয়ে ছিটকে তৃতীয় তলার ছাদেই পড়ে যায়। পরে তাৎক্ষণিক উভয়কে উদ্ধার করে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় রুমানকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়। পথিমধ্যে সোয়া তিনটার দিকে মারা যায় রুমান। তবে আহত ফারুক আপাতত শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।









