শেরপুরের শ্রীবরদীতে ৮ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৮ সেপ্টেম্বর শনিবার রাতে পৌরশহরের কলাকান্দা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে স্থানীয় কলাকান্দা গ্রামের জমশেদ আলীর ছেলে ও পৌর ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন (৪৩), সাতানী শ্রীবরদী মহল্লার মৃত হারুনুর রশিদের ছেলে সাইফুল ইসলাম (৪৫) ও দক্ষিণ মুন্সীপাড়া গ্রামের মোখলেছের ছেলে শুক্কুর আলী।

জানা যায়, শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে এসআই তাহেরুল, এএসআই জুবায়ের সঙ্গীয় ফোর্সসহ কলাকান্দা গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। ওইসময় ৮ গ্রাম হেরোইনসহ সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম ও শুক্কুর আলী নামে ৩ জনকে হাতেনাতে আটক করা হয়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।




