‘বাংলাদেশে সকল সম্প্রদায়ের সমান অধিকার রয়েছে’
শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ বলেছেন, বাংলাদেশে সকল সম্প্রদায়ের মানুষের সমান অধিকার রয়েছে। মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেই আমরা দেশ স্বাধীন করেছি। আমরা সকলে মিলে দেশকে গড়ে তুলবো। বর্তমান সরকার সকল ধর্মের-সকল মতের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। কেউ নিজেকে অসহায় মনে করবেন না। বিপদ-আপদে আমাদের অবহিত করবেন, আমরা অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবো। তিনি ১২ সেপ্টেম্বর রবিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় ওইসব কথা বলেন।

সভায় আরও বক্তব্য রাখেন শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক, কানু চন্দ্র চন্দ, ঐক্য পরিষদ নেতা তাপস কুমার সাহা, প্রভাষক মলয় চাকী, অ্যাডভোকেট নরেশ চন্দ্র দে, কবি কমল চক্রবর্তী, কবি ও লেখক মানিক সরকার, নৃপেন ঘোষ প্রমুখ। ওইসময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র দে, সাধারণ সম্পাদক সঞ্জীব চক্রবর্তী, নকলা উপজেলা ঐক্য পরিষদের সভাপতি ইন্দ্রজিৎ ধর সুভাষ, সাধারণ সম্পাদক অভিজিৎ বণিক, প্রভাষক জয়ন্ত দেব, ঝুমুর পোদ্দার, শ্রীবরদীর সভাপতি সুশান্ত কুমার সোম মনা, সাধারণ সম্পাদক দিলীপ বিশ^াস, নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক লুইস নেংমিংজা, যুগ্ম সম্পাদক বিধান সরকার শিবু, ঝিনাইগাতীর সাধারণ সম্পাদক শিক্ষক জীবন চক্রবর্তী, য়ুব ঐক্য পরিষদের আহবায়ক প্রকৌশলী শান্ত রায়, সদস্য সচিব ইন্দ্রজিৎ বর্মণ, ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক শুভঙ্কর সাহা, সদস্য সচিব রজত সাহা অন্তুসহ জেলা ও উপজেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। পরে জেলায় ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের বিভিন্ন দাবি দাওয়া ও সংকট নিয়ে জেলা প্রশাসককে অবহিত করা হয়। ঐক্য পরিষদের নেতৃবৃন্দের কথা অত্যন্ত ধৈর্যের সাথে শুনেন জেলা প্রশাসক।
ঐক্য পরিষদ নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গোৎসব ও নালিতাবাড়ীর বারোমারী মিশনে মা ফাতেমা রানীর তীর্থোৎসব নির্বিঘ্নে শেষ করার জন্য জেলা প্রশাসকের সহায়তা কামনা করেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্নস্থানে সংখ্যলঘুদের ওপর হামলা, মন্দির ও শ্মশান বেদখল, করোনাকালীন সরকারি সহায়তা প্রাপ্তির বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করেন। ওইসময় জেলা প্রশাসক মোমিনুর রশিদ বিষয়গুলো গুরুত্বের সাথে দেখার আশ্বাস দেন।

এর আগে সকালে মা ভবতাঁরা নাট মন্দিরে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী দেশের সকল মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন ও প্রার্থনা করা হয়। এতে কমিটির ১০১ সদস্য বিশিষ্ট সদস্য ছাড়াও মহিলা, যুব ও ছাত্র ঐক্য পরিষদের প্রায় দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য। প্রভাষক মলয় চাকীর সঞ্চালনায় ওই সভায় সাধারণ সম্পাদক কানু চন্দ্র চন্দ, প্রবীন আইনজীবি অ্যাডভোকেট হরিদাস সাহা, শেরপুর শহর কমিটির সাধারনণ সম্পাদক ইন্দ্রজিৎ চাকী, মহিলা ঐক্য পরিষদ নেতা রঞ্জনা সাহা ও নেহেলিকা দিব্রাসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।




