শেরপুরের শ্রীবরদীতে ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য বরাদ্দ দেওয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ বস্তা সরকারি বই উদ্ধার করেছে পুলিশ। 8 সেপ্টেম্বর বুধবার রাতে উপজেলার ঘোনাপাড়া নয়াবাজার এলাকা থেকে ওইসব বই উদ্ধার করা হয়। ওইসময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ ও ইজিবাইকের চালক রুবেল মিয়াকে আটক করে পুলিশ। আটক রুবেল ঝিনাইগাতী উপজেলার লয়খা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। ওই ঘটনায় বৃহস্পতিবার সকালে ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কোহিনুর ফারজানাসহ ৫ জনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয়ের ২০২১ শিক্ষাবর্ষের সরকারি বই বিক্রি হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে শ্রীবরদী উপজেলা ঘোনাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে এলাকাবাসীর সহায়তায় একটি ইজিবাইকে করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ১৭ বস্তা মাধ্যমিকের বই জব্দ করা হয়, যা ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠ্যের। পরে ওই ইজিবাইক ও চালককে আটক করে থানা নিয়ে যায় পুলিশ।
তবে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কোহিনুর ফারজানার দাবি, সামনে স্কুল খুলছে এজন্য দপ্তরি আব্দুর রউফকে পরিচ্ছন্নতার দায়িত্ব দেওয়ার পাশাপাশি পুরাতন খাতাগুলো বিক্রি করার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সে তাকে না জানিয়েই পুরাতন খাতার পাশাপাশি কিছু বইও বিক্রি করে দিয়েছে। অন্যদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে স্থানীয় একটি মহলও ওই ঘটনায় তাকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে।
ঘটনার বিষয়ে শ্রীবরদী উপজেলা মাধ্যমিক কর্মকর্তা রুহুল আলম জানান, ঘটনাটি শোনার পর বৃহস্পতিবার সকালে ওই প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করেছি। এজন্য প্রধান শিক্ষিকাকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হলে এবং তদন্তে ঘটনার প্রমাণ পেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হবে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল হাশেম জানান, ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




