ads

বুধবার , ১ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ॥ দাফনের ৮১ দিন পর লাশ উত্তোলন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ১, ২০২১ ৫:২১ অপরাহ্ণ

হত্যা না দুর্ঘটনা?

শেরপুরে আবু সাঈদ (৩০) নামে এক যুবকের মৃত্যুকে নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। ঘটনাটি হত্যা না দুর্ঘটনা- তা নিয়েই ওই ধুম্রজাল। অন্যদিকে ওই ঘটনা নিয়ে পরিবারের দায়ের করা মামলায় আদালতের নির্দেশে দাফনের ৮১ দিন পর কবর থেকে আবু সাঈদের লাশ উত্তোলন করা হয়েছে। ১ সেপ্টেম্বর বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের উপস্থিতিতে ওই লাশ উত্তোলন করা হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের শালচূড়া গ্রামের নূর হোসেনের ছেলে আবু সাঈদ শহরের একটি বেসরকারি স্কুলে শিক্ষকতার পাশাপাশি বিসিএসের প্রস্তুতি কোচিং করছিলেন। পরিবারের অভিযোগ, সাঈদের সাথে প্রতিবেশী ডেইজি নামে এক মেডিকেল শিক্ষার্থীর প্রেম ছিল। কিন্তু ডেইজির পরিবার তাদের সম্পর্ককে মেনে নেয়নি। এরই জের ধরে গত ১১ জুন আবু সাঈদকে তার বন্ধুদের মাধ্যমে ডেকে নিয়ে হত্যা করা হয় এবং ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বলে পরিবারকে জানানো হয়। আর এমন অভিযোগ তুলে ঘটনার ১৫ দিন পর গত ২৭ জুন সাঈদের ছোটবোন তানজিনা আক্তার নয়ন বাদী হয়ে ডিসি অফিসে কর্মরত আতিক মিয়া (৩০), পুলিশ লাইন্স একাডেমির শিক্ষক জাকির হোসেন (২৮), তরিকুল ইসলাম (৩০), ফ্যামিলি নার্সিং হোমে কর্মরত ডা. সোয়েব (২৭) এবং আবু সাঈদের কথিত প্রেমিকা শারমিন সুলতানা ডেইজি (২৫), ডেইজির বড়বোন মোছা. জুলি (৩২) ও বোনজামাই আলিম মিয়া (৪০)সহ ৭ জনকে স্বনামে ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি ২২ আগস্ট সদর থানায় এফআইআর হিসেবে রেকর্ড হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়ার আবেদনের প্রেক্ষিতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ দেয় আদালত। এছাড়া গত মঙ্গলবার সকালে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আবু সাঈদের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানায় তার পরিবার।

অন্যদিকে ওই মামলায় অভিযুক্ত আতিক, তরিকুল, জাকির ও ডা. সোয়েবের বক্তব্য উদ্বৃত করে স্বজনরা জানান, আবু সাঈদের সাথে শহরের খরমপুর এলাকায় ওরাকল বিসিএস কোচিং সেন্টারে প্রস্তুতি কোচিং করছিলেন সোয়েব ব্যতীত ৩ জনই। সেইসূত্রে তার সাথে পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে উঠলেও মামলায় অভিযুক্ত ডেইজিসহ অপর ৩ জনের সাথে তাদের কোন পরিচয় নেই। ঘটনার দিন রাত অনুমান ৯টার দিকে আতিক, জাকির ও সাঈদসহ ৩ বন্ধু কুসুমহাটি বাজার থেকে শেরপুর শহরে হেঁটে আসার পথে পশ্চিম শেরীপাড়াস্থ স্পন্দন অয়েল মিল সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি ডাম্পট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন আবু সাঈদ। পরে স্থানীয়দের সহযোগিতায় আতিক ও জাকির তাকে উদ্ধার করে শহরের ফ্যামিলি নার্সিং হোমে কর্মরত আতিকের ছোটভাই ডা. শোয়েবের কাছে নিয়ে যায়। ওইসময় আবু সাঈদের ভাড়াটে বাসার মালিক মাসুম মাস্টারের মাধ্যমে তার স্বজনদের খবর দেওয়া হয় এবং তাদের সাথে পরামর্শ করেই ডা. সোয়েব ও জাকির দুর্ঘটনায় আহত সাঈদের ৫ জন স্বজনকে সঙ্গে নিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর স্বজনরা আবু সাঈদের লাশের ময়নাতদন্তে অনিহা প্রকাশ করায় এবং তাদের এলাকার ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেনও মোবাইলে একমত পোষণ করায় লাশ নিয়ে শেরপুরে ফেরত আসা হয়। এরও পর তার জানাজা ও দাফনসহ সকল কর্মকাণ্ডেই উপস্থিত থেকেছেন বন্ধুরা। তাদের অভিযোগ, আবু সাঈদের মৃত্যু সড়ক দুর্ঘটনাজনিত এবং তা পরদিন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রপত্রিকায় প্রকাশিত হলেও একটি মহল ওই মৃত্যুকে পুঁজি করে আদালতে হত্যা মামলা ঠুকে দেওয়ার পর তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিল। কিন্তু টাকা না পাওয়ায় এখন লাশ উত্তোলনসহ তাদের হয়রানীর অপচেষ্টা করছে। তারা ওই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

Shamol Bangla Ads

মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার এসআই মো. রুবেল মিয়া জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিহত সাঈদের পরিবারের উপস্থিতিতে লাশ উত্তোলন করে সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। এখন ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, আদালতের নির্দেশে কবর থেকে আবু সাঈদের লাশ উত্তোলন করা হয়েছে। এরপর লাশের ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে তদন্ত কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads